পঞ্চম দিনের মতো জনসংযোগ আর পথ সভায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নড়াইল-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নড়াইলে লোহাগড়ার বিভিন্ন ইউনিয়নে পথ সভায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
এসব পথ সভায় মাশরাফী বিন মোর্ত্তজা আগামী ৭ জানুয়ারি ভোটারদেরকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। নড়াইলেরও উন্নয়ন হচ্ছে। উন্নয়নের বাকি কাজ আগামীতে করা হবে।
ম্যাশ যোগ করেন, আপনারা আমাকে ভোট দিলেও কেন্দ্রে যাবেন, না দিলেও কেন্দ্রে যাবেন। আগামী ৭ জানুয়ারি আমার দায়িত্ব আপনারা নেবেন। নির্বাচনের পরে আমি আপনাদের দায়িত্ব নেব।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতিসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।



