বাংলা নামক ভূখণ্ডের হাজারো গ্রামের একটি গ্রাম পাইকপাড়া। পাইকপাড়া — নামটি উচ্চারণ করলেই যেনো পুরনো দিনের গন্ধ আসে। এই গন্ধে মিশে আছে মেঘনার বাতাস, লাঠির ঝনঝন আওয়াজ, পাইকারদের হাঁকডাক, আর কোনো জমিদারের বাগান বাড়ি। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের এই গ্রামটি ইতিহাসের অলিগলিতে লুকিয়ে থাকা সেইসব দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, যেগুলোর কোনো লেখাজোখা নেই, আছে শুধু নামের ভিতর ছড়িয়ে থাকা ইঙ্গিত।
“পাইক” শব্দটির অর্থ বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। প্রাচীন বাংলায় ‘পাইক’ বলতে বোঝানো হতো রাজা বা জমিদারের অধীনে কাজ করা সৈনিক শ্রেণি, যারা অস্ত্র ধারণ করত, পাহারা দিত। সোনারগাঁ যেহেতু সুলতান, রাজা বা জমিদার দ্বারা শাসিত ছিলো কয়েকশ বছর সে সূত্রে এটি অত্যন্ত যৌক্তিক পাইকপাড়ার নামকরণে।
আবার লোকজ সংস্কৃতিতে পাইক শব্দটি লাঠিখেলার পারদর্শী ব্যক্তি অর্থেও ব্যবহৃত হতো। তাই ধারণা করা চলে, আজ থেকে কয়েক শতাব্দী আগে এই গ্রামে হয়তো ছিল এক বিশাল লাঠিখেলার মাঠ, যেখানে শিষ্যরা রোদে-ঘামে ভিজে যুদ্ধ কৌশল শিখত, আর উৎসবের দিনগুলোয় গ্রামের মানুষ সমবেত হতো সেই খেলাধুলার দৃশ্য দেখতে।
আবার আরেকটি ধারায় ধারণা করা যায়, এই গ্রামটি হয়তো একসময় ছিল পাইকারদের আশ্রয়স্থল — যাঁরা মেঘনার পাড়ে পাট, ধান বা অন্যান্য পণ্য জমিয়ে রাখতেন, বিক্রয় করতেন। নদীপথে যোগাযোগ ছিল বলেই পাইকারদের আনাগোনা ছিল ঘন, আর তাঁদের উপস্থিতিতে গড়ে উঠেছিল ছোটখাটো বাজার, বসতি, আর শেষে একটি জনপদ — পাইকপাড়া।
তবে সবচেয়ে গ্রহণযোগ্য ও রোমাঞ্চকর কল্পনা যে ব্যাখ্যায় উঠে আসে, তা হলো জমিদারি আমলে এখানে বসবাস করতেন পাইক ও বরকন্দাজরা — জমিদারদের দেহরক্ষী ও আদেশ পালনকারী সৈন্যবাহিনী। তাঁদের অস্ত্র ছিল লাঠি, তরবারি, বর্শা — আর তাঁদের দাপটে নিয়ন্ত্রিত হতো স্থানীয় জনপদ। তাঁদের বসতি গড়ে উঠেছিল গ্রাম জুড়ে, আর সময়ের পরিক্রমায় সেই বসতিই হয়ে ওঠে “পাইকপাড়া”।
আজ হয়তো পাইকেরা নেই, নেই লাঠির ঘূর্ণি, নেই হুঙ্কার — কিন্তু নামটি ইতিহাসের মতোই জীবিত। পাইকপাড়া শুধু একটি গ্রাম নয়, এটি এক অদৃশ্য স্মৃতির খোঁজ, একটি সামাজিক গঠন প্রক্রিয়ার চিহ্ন। এখানকার মাটি, মানুষ, নদী আর নাম — সবকিছুতেই আছে এক প্রাচীন ঘ্রাণ, এক লোকজ মায়া।
ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি:
পাইকপাড়া গ্রামটি নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক সোনারগাঁও উপজেলার অন্তর্গত বারদী ইউনিয়নের এক অংশ। এটি সোনারগাঁও উপজেলার উত্তর-পূর্ব অংশে অবস্থিত। পশ্চিমে বারদী বাজার( প্রতিবেশি গোয়ালপাড়া, মছলন্দপুর গ্রাম) পূর্বে হাড়িধোঁয়া নদী, উত্তরে নোয়াগাঁও ইউনিয়ন( প্রতিবেশী খাসেরকান্দী ও শান্তির বাজার) এবং দক্ষিণে ( চেঙাকান্দী, নাকুরিয়াহাটি) মেঘনা নদীঅঞ্চল পাইকপাড়াকে ঘিরে রেখেছে।
এলাকাটি মূলত সমতল ভূমির ওপর গঠিত, যেখানে ধানক্ষেত, সবজিক্ষেত এবং গ্রামীণ লীলাভূমির এক চিত্রময় পরিবেশ রয়েছে। বর্ষাকালে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এক ভিন্ন রূপ ধারণ করে। পাইকপাড়ার মধ্য দিয়ে একটি ছোট খাল প্রবাহিত ছিলো যা কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। যদিও এ খালের কোনো অস্তিত্ব এখন আর নেই।
পাইকপাড়ার প্রাচীনতার প্রমাণ: ঈসাখাঁর যুগে অস্তিত্বের ইঙ্গিত
ঐতিহাসিক স্বরূপ চন্দ্র রায় তাঁর “সুবর্ণ গ্রামের ইতিহাস” গ্রন্থে উল্লেখ করেছেন — সোনারগাঁয়ের ভৌগোলিক পরিসর মুড়াপাড়া থেকে শুরু হয়ে বারদীর পূর্ব প্রান্তের মেঘনা নদীর ঘাট পর্যন্ত বিস্তৃত, যা প্রায় ১২ মাইল বা ২০ কিলোমিটার( আংশিক উল্লেখ)। এই বর্ণনার ভিত্তিতে অনুমান করা যায়, বর্তমান বারদী ইউনিয়ন এবং পাইকপাড়া গ্রামের ভৌগোলিক অবস্থান সেই প্রাচীন সোনারগাঁও নগররাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল।
সোনারগাঁ ছিল বাংলার প্রাচীন রাজধানী — রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানেই শাসন করতেন বাংলার বিখ্যাত বারোভূইয়ার অন্যতম নেতা ঈসা খাঁ। তাঁর শাসনামলে (১৬শ শতক) যেসব এলাকা কৌশলগত, সামরিক বা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ছিল, তার একটি বিস্তৃত পরিধি ছিল। মুড়াপাড়া থেকে বারদীর মেঘনা তীর পর্যন্ত এলাকা অন্তর্ভুক্ত হওয়ায়, এটি অনায়াসেই ধরে নেওয়া যায় — ঈসা খাঁর সময়েই পাইকপাড়া গ্রামের অস্তিত্ব ছিল, যা প্রায় ৫০০ বা ততোধিক বছর আগের।
এ সময় নদীই ছিল যাতায়াত ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম। আর মেঘনা নদীর সংলগ্ন যে গ্রামটি আজ পাইকপাড়া নামে পরিচিত, সেটি হয়তো ছিল কোনো ‘পাইকের ছাউনি’, ‘পাটের ঘাট’, বা যুদ্ধবিদ্যার লাঠিখেলার প্রশিক্ষণস্থল — যার অবস্থান কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ ছিল ঈসা খাঁ বা তাঁর অধীনস্থ জমিদারদের জন্য।
তাই ইতিহাস, ভূগোল ও নামের উৎস মিলিয়ে এই অনুমান যথার্থ যে, পাইকপাড়া কোনো হঠাৎ গড়ে ওঠা বসতি নয় — বরং এটি সোনারগাঁওয়ের রাজনৈতিক-সামরিক ঐতিহ্যের প্রাচীন সাক্ষ্যবহনকারী এক প্রামাণ্য জনপদ।
হাড়িধোঁয়া নদী, নীলচক আর পাইকপাড়ার ঔপনিবেশিক ছায়া:
পাইকপাড়া গ্রামের বুক চিরে বয়ে চলেছে একটি ছোট নদী — স্থানীয়ভাবে যাকে বলা হয় হাড়িধোঁয়া। এই নদীর নামের মধ্যেই যেন গ্রামীণ জীবনের প্রাচীনতা মিশে আছে। হয়তো কোন এক সময় গ্রামের মানুষ এ নদীতেই হাঁড়ি-পাতিল ধুতো, শস্য ধুয়ে পরিষ্কার করত — কিংবা, নদীর জলে এমন সাদা কুয়াশা ভেসে থাকত, যেন সত্যিই তা “হাড়ি ধোয়ার মতো” ধোঁয়া! এই নদীর পাশঘেঁষেই বিস্তৃত বিশাল ফসলী মাঠ, যেখানে ঋতুভেদে ভিন্ন ভিন্ন ফসল ফলানো হয় — ধান, পাট, সরিষা কিংবা শাকসবজি।
এই মাঠের পরে দেখা যায় মেঘনার বিশাল বিস্তার — একসময় যে নদীপথ ছিল ব্যবসা, কৃষি আর যুদ্ধনীতির প্রাণকেন্দ্র। পাইকপাড়ার ভৌগোলিক অবস্থান এই তিন উপাদানকেই একসূত্রে গেঁথে রেখেছে — নদী, মাঠ আর মানুষ।
হাড়িধোঁয়া নদীর ওপারে আছে একটি সমতল এলাকা — স্থানীয়ভাবে যাকে সবাই বলে নীলচক ( যেটি বর্তমানে আড়াইহাজার উপজেলার অন্তর্ভুক্ত)। নাম থেকেই ইঙ্গিত মেলে যে, ব্রিটিশ শাসনামলে এখানে জোরপূর্বক নীল চাষ করানো হতো। সেসময় সোনারগাঁওয়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে ইংরেজদের ইন্দিগো প্ল্যান্টেশন ছিল, যেখানে কৃষকদের বাধ্য করা হতো জমি চাষে।



