সোনারগাঁওয়ে শিশু ধর্ষণ চেষ্টা, অভিযুক্তকে গণধোলাই

244
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশ দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঁচপুর পুরাতন বাজারের রংপুর গলি এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার সকালে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সামরুল হোসেন বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুরের পুরাতন বাজার এলাকার ইসছাক মুন্সির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে গার্মেন্টস কর্মী নুরুজ্জামান তার স্ত্রী ও কন্যা শিশুকে নিয়ে বসবাস করেন। একই বাড়িতে পার্শ্ববর্তী রুমে ভাড়াটিয়া অভিযুক্ত মনসুর আলীও থাকেন। শিশুটির বাবা ও মা দু’জনেই গার্মেন্টসে চাকরি করার সুবাদে বাচ্চাকে পাশের বাসার এক নারীর কাছে রেখে যান।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাড়ির উঠানে শিশুটি খেলাধুলা করার সময়ে তাকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মনসুর আলী। বিষয়টি ওই বাড়ির অন্য ভাড়াটিয়ারা দেখে ফেলায় শিশুটি রক্ষা পায়। পরবর্তীতে শিশুর বাবা-মা কাজ শেষে বাড়ি ফিরে এমন খবর জানতে পেরে এলাকাবাসীকে বিষয়টি জানান। একপর্যায়ে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করে।

এসআই সামরুল হোসেন বলেন, শিশুর বাবা-মা অভিযুক্তকে জিজ্ঞেস করলে ধর্ষণের চেষ্টার কথা স্বীকারোক্তি দিয়েছেন তিনি। শয়তানে তাকে এ কাজ করিয়েছে বলে জানায়। এ যাত্রায় তাকে ক্ষমা করে দিতে বলে। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার এ ঘটনা সম্পর্কে বাড়ির মালিকসহ স্থানীয়দের জানালে তারা গণধোলাই দিয়ে পুলিশে দেয়। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।