স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বায়ুদূষণের দায়ে ছালাইউদ্দিন আহমেদ টেক্সটাইল (প্রা.) লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বায়ুদূষণ বন্ধে আড়াইহাজার উপজেলার কাঠালিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে ছালাইউদ্দিন আহমেদ টেক্সটাইল (প্রা.) লিমিটেডকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযানে আড়াইহাজার থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আড়াইহাজারে বায়ুদূষণের দায়ে টেক্সটাইল কারখানাকে ১ লাখ টাকা জরিমানা
ফেসবুকে ফলো করুন



