স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকালে গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার রামচন্দ্রদী গ্রামের রিপন ( ২৮) ও তার ভাই আরিফ (২০)
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী পূর্বপাড়া ব্রীজ সংলগ্ন গৃহবধুর স্বামী মোঃ রিপন এর বাড়িতে মুরগী রান্নাকে কেন্দ্র করে দেবর আরিফ ও স্বামী রিপন এর সাথে ঝগড়ার সময় চুলের মুঠি ধরে মারপিট করলে গোলনাহার গুরুতর আহত হয়। এই সময় স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত গৃহবধু ২ সন্তানের জননী।
নিহতের ভাই আব্দুল হক জানান, ৭/৮ বছর আগে তাই বোন গোলনাহারের সাথে একই গ্রামের রাজ্জাকের ছেলে রিপনের সাথে বিয়ে হয়। এরপর থেকে বিভিন্ন ভাবে তাকে নির্যাতন করতো। যৌতুকের জন্য এর আগেও কয়েকবার মারধর করা হয়েছে। আমি এর বিচার চাই। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে ৪ জনকে আসামী করে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন।



