বিএনপির আন্দোলনে মানুষ সাড়া দেয় না : কামরুল

215
ফেসবুকে ফলো করুন

বিএনপির আন্দোলনে এখন আর মানুষ সাড়া দেয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর আমিনবাজারে মিরপুর মাফিদ-ই-আম উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

কামরুল ইসলাম বলেন, বারবার সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দেওয়ার পরও বিএনপি আসেনি। তারা নির্বাচন বর্জন করে জ্বালাও-পোড়াও করছে। তাদের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ করে নির্বাচন। এটা মামুর বাড়ির আবদার? প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সাংবিধানিক সংকট হতো। বিএনপি আইন ও বিচারও মানে না। নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়। এখন আবার বলছে নির্বাচন হবে কিন্তু সরকার টিকবে না।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির কর্মীরা নেতাদের ধাওয়া করবে। এখন বিএনপি আউটসোর্সিং আন্দোলন করছে। ভাড়া করা লোক দিয়ে আন্দোলন করে।

তিনি আরও বলেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন ১৫ বছর আগে কেমন ছিলেন, আর এখন কেমন আছেন? বিবেক আপনাকে উত্তর দেবে। তাই শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনতে হবে।

কামরুল ইসলাম বলেন, সারাবিশ্বে অবস্থা খারাপ। বাংলাদেশেরও খারাপ হয়েছে। কিন্তু মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা এই অবস্থা থেকে উত্তরণ করতে পারবেন। তাই সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছি। অপশক্তির সঙ্গে আমাদের যুদ্ধ। বিএনপি যত কথা বলুক তাদের প্রতিরোধ করে ভোট উৎসব হবে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত। ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি।