মাহমুদপুরে শক্তি প্রদর্শন, চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নামলেন বিএনপি নেতা মাসুম শিকারী

6
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুম শিকারী। রোববার (২৬ জুলাই) বিকেল ৫টায় আয়োজিত মোটর শোভাযাত্রায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত জনতার মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

শোভাযাত্রা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির নেতারা বলেন, মোহাম্মদ মাসুম শিকারী দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার সততা, জনসম্পৃক্ততা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি ইউনিয়নবাসীর আস্থা অর্জন করেছেন। তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাসুম শিকারী বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন আমাকে নির্বাচনে অংশ নেওয়ার সাহস জুগিয়েছে। নির্বাচিত হলে মাহমুদপুর ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নয়নবান্ধব ইউনিয়নে পরিণত করতে কাজ করব। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পাশাপাশি শিক্ষা, যোগাযোগ ও নাগরিক সেবার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোহাম্মদ মাসুম শিকারীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।