বগাদীতে পুলিশের  গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের  খুঁটির সাথে ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত

789
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় রাত্রীকালীন টহল ডিউটির সময় পুলিশের গাড়ি দুর্ঘটনায় এক এসআইসহ ছয় পুলিশ সদস্য ও চালক আহত হয়েছেন।  শুক্রবার (১৪ মার্চ) রাত সোয়া ৪টার দিকে উপজেলার বগাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় কনস্টেবল সাইফুল ইসলামের কপালে গুরুতর আঘাত লাগে, কনস্টেবল আল আমিনের সামনের একটি দাঁতের অর্ধেক ভেঙে যায় এবং গাড়িচালক আরাফাত ইসলামের ডান পায়ে হাঁটুর নিচে কাটা জখম হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যথাক্রমে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে কনস্টেবল সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, আল আমিন, আজীজ, আল আমিন এবং গাড়িচালক আরাফাত ইসলাম জাঙ্গালিয়া কবরস্থান এলাকা থেকে থানায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। বগাদী এলাকায় পৌঁছালে তাদের বহনকারী লেগুনা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের পিলারে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ ভেঙে যায় এবং পুলিশ সদস্যরা আহত হন।
ঘটনার পরপরই আড়াইহাজার থানার আরেকটি টহল দল আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান,  গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অতিরিক্ত গতি অথবা যান্ত্রিক ত্রুটি থেকে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।