স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলায় মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে আড়াইহাজার উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর অংগঠনসহ সরকারি-বেসরকারি সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। মঙ্গলবার (২৬ মার্চ) প্রত্যুশে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান দিবসের শুভ সুচনা করা হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা প্রাসনের আয়োজনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশ গ্রহণে কুচকাওয়াজ, শিশু কিশোরদের শরীরচর্চা প্রদর্শন ও সালাম প্রদর্শন অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ নজরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার রুহুল আমিন মোল্লা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক , ওসি আহসান উল্লাহসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সরকারী কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ নজরুল ইসলাম বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে । আমাদের মাথাপিছু আয় বাড়ছে, শতভাগ বিদ্যুতায়নের দেশে পদার্পণ করেছি, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণসহ দেশের প্রতিটি সেক্টরে সাফল্য অর্জন করেছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় তাদের মেধা ও মননকে কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।



