স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে মোস্তফা (৫০) নামে এক ব্যাক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা গেছেন। তিনি আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকার মৃত তারা মিয়ার পুত্র।
নিহতের পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, মোস্তফা ১৭ ফেব্রুয়ারী (শনিবার) রাতে তার শয়নকক্ষে বিছানার পাশে মশার কয়েল জ্বালিয়ে রেখে একাই রাত্রি যাপন করেন। পরদিন ১৮ ফেব্্রুয়ারী ( রোববার) সকাল ৭ টার দিকে তার বোন মনোয়ারা তার শয়নকক্ষে গোংগানির শব্দ শুনে ভিতরে গিয়ে দেখতে পান জ্বলন্ত মশার কয়েল থেকে আগুন লেগে মোস্তফার বাম হাত ও বাম পা পুড়ে গেছে। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে ঢাকা প্রেরণ করার পর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে সে মারা যান।


