স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের নৌকা প্রতীকের প্রার্থী আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি নৌকা প্রতীকে গণসংযোগ ও পথসভা করেছেন।
গত বুধবার দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখি বাজার এলাকায় আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি ও তার কর্মী সমর্থকরা এ পথসভা করেন। গণসংযোগ করার সময় কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভায় রূপ নেয়। এ সময় ভোটারদের কাছে উন্নয়নের নানা দিক তুলে ধরেন এবং উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভা শেষে ঢাকা সিলেট মহাসড়কের পাঁচরুখি, বান্টিবাজার, বাগবাড়ি, ছনপাড়া ও পুরিন্দাসহ বিভিন্ন এলাকা প্রদিক্ষণ করেন। মিছিল চলার সময় বিভিন্ন স্থানে পথসভা করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এলাকাবাসীকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান নৌকার প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
নৌকা প্রতীকে ভোট চেয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি বলেন, আজকের বাংলাদেশ রক্তের বিনিময়ের বাংলাদেশ। আজকে বঙ্গবন্ধু না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় বলিষ্ঠ পদক্ষেপ এর কারণে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যেখানে মেট্রোরেল, উড়াল সেতু, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল এর মত মেঘা প্রকল্পের কাজ শেষ হয়েছে যার সুফল আমরা ও আমাদের জনগণ ভোগ করছেন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আপনারা নৌকায় ভোট দিবেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ৭ তারিখ সকাল সকাল আপনারা ভোটারদের নিয়ে ভোটকেন্দ্রে এসে নৌকায় ভোট দিবেন। আপনারা ভোট দিলেই নৌকা বিজয়ী হবে। নৌকা বিজয়ী হলে প্রধানমন্ত্রীর বিজয় নিশ্চিত হবে। তিনি বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে বলেন, সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধ করতে নির্বাচনে নেতাকর্মীদের নিয়ে তিনি দিনভর ভোটকেন্দ্রে থাকবেন। কেউ বাধা দেয়ার চেষ্টা করলে তাদের কঠোরভাবে শিক্ষা দেয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি।
সাতগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সরকার, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রোমান, সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ, দুপ্তারা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি ভিপি আমির, উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জ্বল, সাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবলু, সহসভাপতি আবুল হাসেম ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা বাকির হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তুষার মিয়াসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।



