স্টাফ রিপোর্টার:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও সাহিত্যকর্মকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরে অবস্থিত গ্রিন স্কলার্স স্কুল এন্ড কলেজে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক সহযোগী অধ্যাপক শাহনামা হালিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ-বিন-আনোয়ার। এ সময় সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. স্বপন মিয়া, সহকারী শিক্ষক সুফিয়ান ইসলাম শাওন, তাসলিমা আক্তার, কামরুন্নাহার, হালিমা আক্তার এবং সহকারী হিসাবরক্ষক আব্দুল্লাহ আল হিমন উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে সভাপতি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালির বিদ্রোহী চেতনার অন্যতম প্রতীক। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও তাঁর কবিতা ও গান মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি শিক্ষার্থীদের নজরুলের বিদ্রোহী চেতনা ও সাহিত্য নিয়ে আরও অধ্যয়ন করার আহ্বান জানান। প্রধান অতিথি শাহনামা হালিম শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনার প্রশংসা করে তাদের কো-কারিকুলার কার্যক্রমে আরও সক্রিয় ও নিয়মিত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সাংস্কৃতিক ও কো-কারিকুলাম কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সাংস্কৃতিক প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।



