বন্দরে বুলবুল (৪০) হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে জড়িত ১১ আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার 

31
ফেসবুকে ফলো করুন

বিশেষ সংবাদদাতা: মামলা তুলে না নেওয়ায় জাহিদ আল আমিন ওরফে বুলবুল (৪০) কে উপর্যুপুরি কুপিয়ে হত্যা মামলায় প্রধান আসামি শেখ সিফাতসহ ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত পৌনে নয়টায় জাহিদ আল আমিন কাজ শেষে বাড়িতে ফেরার পথে বন্দর থানাধীন সালেহ নগর এলাকায় তাহের আলী প্রধানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র শেখ সিফাতের নেতৃত্বে একদল সন্ত্রাসী পথ গতিরোধ করে কুপিয়ে হত্যা করে।
পরে জাহিদ আল আমিন বুলবুলের ভাই খবর পেয়ে স্থানীয় লোকজন নিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ সুপারের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স এবং জেলা গোয়েন্দা শাখার টিম নিয়ে অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন।

আভিযানিক টিম শেখ সিফাতের আস্তানা পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ সংলগ্ন এলাকা হতে রাত সাড়ে তিনটায় শীর্ষ দুষ্কৃতিকারী শেখ সিফাত (৩২) ও সহযোগী আসামিদের গ্রেপ্তার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-শস্ত্র উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলেন শাহী মসজিদ এলাকার শেখ শাহিন ওরফে রিং শাহিনের ছেলে শেখ সিফাত (৩২), কদম রসুল ফকির বাড়ি এলাকার আলী আকবরের ছেলে জুম্মন ওরফে হোয়াইট জুম্মন, বারপাড়া এলাকার রবিউল হোসেনের ছেলে মাহবুব হোসেন ওরফে মাহাফুজ (৩২), বন্দর শাহী মসজিদ এলাকার সোবহানের ছেলে রিয়াদ (৩৩), কদম রসূল কলেজ মাঠ পানির ট্যাংকি এলাকার সুলাইমানের ছেলে মো. সিয়াম (২৫), সালেহ নগরের পারভেজের স্ত্রী মোসা. মিনারা (৩৫), একই এলাকার মাসুদ মিয়ার স্ত্রী নাসিমা (৩৬), দেলোয়ার হোসেনের স্ত্রী রুমা (৩৬), চিতাশাল এলাকার ইমরান আলীর ছেলে ইফরান (২৯), শাহী মসজিদ বৌবাজার এলাকার দ্বীন ইসলামের স্ত্রী ইয়াসমিন (৪০), এবং চৌধুরী বাড়ী কাজীবাড়ী কলোনীর সোহেলের ছেলে সিজান ওরফে জিসান (২৬)। এরা সবাই নারায়ণগঞ্জের বন্দর থানার বাসিন্দা।

উল্লেখ্য যে, শেখ সিফাত (৩২) এর বিরুদ্ধে ১৪ টি মামলা, জুম্মন ওরফে হোয়াইট জুম্মন এর বিরুদ্ধে ০৯ টি মামলা, রিয়াদ (৩৩) এর বিরুদ্ধে ০৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শেখ সিফাত এবং তার সহযোগীরা ছিনতাই, চাঁদাবাজি, মাদক এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত।

অভিযানে তাদের ব্যবহৃত আলামত- ছ্যান দাঁ, সুইচ গিয়ার চাকু, স্টিলের চাঁপাতি, স্টিলের সুইচ গিয়ার চাকু, লোহার পাইপ, প্লাস্টিকের বাট যুক্ত স্টিলের ছুরি, ওয়াকিটকি ও এসএস এর লোহার পাইপ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।