প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ

11
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেন।
এ সময় আরও বক্তব্য দেন ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক, রাসেল মোল্লা, নবী হোসেন, সুমনসহ উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা।
সমাবেশে মোবারক হোসেন বলেন, “দেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে মতপ্রকাশের অধিকার সবার থাকলেও ব্যক্তিগত আক্রমণ ও কটূক্তি জাতির জন্য অকল্যাণকর। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও কটূক্তি করছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। অন্যথায় ছাত্রদল রাজপথে থেকে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এর জবাব দেবে।”
তিনি আরও বলেন, “ছাত্রদল সব সময় গণতন্ত্র, জনগণের অধিকার এবং জাতীয়তাবাদী আদর্শের পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে। কোনো অপপ্রচার বা কটূক্তির মাধ্যমে দলের নেতৃত্বকে হেয় করার চেষ্টা সফল হবে না।”
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।