আজান, আরাফ, আবিয়ান ও জাইয়ের ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৬) অনুষ্ঠিত

6
ফেসবুকে ফলো করুন

মো. জিয়াউর রহমান: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অনুষ্ঠিত হয়েছে “আজান, আরাফ, আবিয়ান ও জাইয়ের ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৬)”। স্থানীয় তরুণদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে পুরো এলাকায় বিরাজ করে আনন্দঘন পরিবেশ।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় পাঁচরুখী বাজার ইয়ং স্টার ক্লাব এবং পাঁচরুখী ভূইয়াপাড়া একাদশ মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে উভয় দল গোলশূন্য অবস্থায় বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে পাঁচরুখী ভূইয়াপাড়া একাদশ। শেষ পর্যন্ত তারা ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।”

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার নাঈমা নুসরাত জিনিয়া। তিনি আয়োজকদের প্রশংসা করে বলেন, “খেলাধুলার মাধ্যমে সমাজে সৌহার্দ্য, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে সহায়ক ভূমিকা পালন করে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিউর রহমান মতিন, সিনিয়র সহ-সভাপতি, আড়াইহাজার উপজেলা বিএনপি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার আয়োজন আরও বাড়াতে হবে। একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, বিভিন্ন দলের খেলোয়াড় এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রেখে যুবসমাজকে সুস্থ, সৃজনশীল ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাবেন।