আড়াইহাজারে শিশুকে নিয়ে সামাজিক ফেসবু‌কে ছড়ানো তথ্যের সত্যতা মেলেনি

3
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিন বছরের এক শিশুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আলোচিত ঘটনার তথ্যের সত্যতা মেলেনি বলে জানিয়েছে পুলিশ। তদন্তে জানা গেছে, শিশুটি অসাবধানতাবশত পড়ে গিয়ে আহত হয়েছিল।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) বিকেলে আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া এলাকায় ভাড়া বাসায় থাকা ওই শিশু আহত হয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকটি ফেসবুক গ্রুপ ও পেজে বিভিন্ন ধরনের তথ্য প্রচার করা হয়। ঘটনাটি যাচাই-বাছাই করতে গিয়ে পুলিশ জানতে পারে, শিশুটির বাবা-মা কাজের জন্য বাড়ির বাইরে থাকাকালে সে বাড়ির একটি নিচু স্থানে পড়ে গিয়ে গোপনাঙ্গের নিচের অংশে আঘাত পায়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা শিশুটিকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান।
শিশুটির মা পুলিশকে জানান, অসাবধানতাবশত পড়ে গিয়ে তার মেয়ে আহত হয় এবং রক্তক্ষরণ শুরু হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে বাসায় ফিরিয়ে আনা হয়েছে।
স্থানীয় ওই হাসপাতালের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আঘাতের কারণে সৃষ্ট ক্ষতস্থানে তিনটি সেলাই দেওয়া হয়েছে। তার ভাষ্য, চিকিৎসাকালে অন্য কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি।
পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের বিষয়ে অনুসন্ধান চালিয়ে তারা ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হয়েছে। প্রাথমিক অনুসন্ধান ও চিকিৎসাসংক্রান্ত তথ্য অনুযায়ী, এটি একটি দুর্ঘটনাজনিত আঘাতের ঘটনা।