বিশেষ প্রতিনিধি: নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ ও শিক্ষার মানোন্নয়নে আন্তরিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রথমবারের মতো শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন মোছাঃ রত্না আফরিন। পরবর্তীতে তিনি জেলা পর্যায়েও শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মোছাঃ রত্না আফরিন ১১২ নং শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে ২০১৭ সালে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি একই বিদ্যালয়ে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় উৎসাহিত করতে বিশেষ ভূমিকা রেখে চলেছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, রত্না আফরিন একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। বিশেষ করে বিদ্যালয়ের আইসিটি শিক্ষক হিসেবে তিনি প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আধুনিক শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের খাপ খাইয়ে নিতে তার আন্তরিকতা প্রশংসিত হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও রয়েছে তার উল্লেখযোগ্য সাফল্য। তিনি স্নাতক পর্যায়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া ২০১৯ সালে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) পরীক্ষায়ও প্রথম বিভাগ অর্জন করেন।
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত বাছাই প্রক্রিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্যদের আলোচনার ভিত্তিতে প্রথমবারের মতো তাকে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। পরে জেলা পর্যায়েও তিনি সাফল্যের সঙ্গে একই ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
সহকর্মীরা বলছেন, রত্না আফরিন শুধু একজন শিক্ষক নন, শিক্ষার্থীদের কাছে তিনি একজন অভিভাবকসুলভ পথপ্রদর্শক। পাঠদানের বাইরে শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
স্থানীয় শিক্ষানুরাগীদের মতে, একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের এমন অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো শিক্ষা অঙ্গনের জন্য গর্বের বিষয়।
আড়াইহাজারের রত্না আফরিনের সাফল্য: উপজেলা পেরিয়ে জেলায় শ্রেষ্ঠ কাব শিক্ষক
ফেসবুকে ফলো করুন



