
স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলায় মাদকদ্রব্য আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সাজ্জাদ (১৯) ও আলী (৪০)। এর মধ্যে সাজ্জাদকে ১০০ টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আলীকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।


