২১২ পরিবারের ঘরে ঈদের হাসি পৌঁছে দিল আড়াইহাজার হেল্পলাইন

204
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আড়াইহাজার হেল্পলাইন ২১২টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। সংগঠনটির সদস্যরা নিজ উদ্যোগে এসব উপহার প্রত্যন্ত এলাকার প্রকৃত সুবিধাভোগীদের দোরগোড়ায় পৌঁছে দেন।

বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল ভাতের চাল, পোলাওয়ের চাল, ডাল, তেল, চিনি, সেমাই, দুধ, কিসমিস, আলু ও পিয়াজ। আয়োজকদের ভাষ্য, ঈদকে সামনে রেখে এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শুরু থেকেই তারা প্রতিশ্রুতি দিয়ে আসছে—সংগৃহীত সহায়তা প্রকৃত হকদারদের কাছেই পৌঁছে দেওয়া হবে। এবারও সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। স্বেচ্ছাসেবকদের সততা, নিষ্ঠা ও সমন্বিত প্রচেষ্টায় পুরো উপজেলাজুড়ে এই কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে।

আড়াইহাজার হেল্পলাইন জানায়, ভবিষ্যতেও তারা এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে। একই সঙ্গে তারা দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার জন্য শুভকামনা জানিয়েছেন এবং সকলের ঈদ আনন্দময় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।