মশার উপদ্রবে অতিষ্ঠ আড়াইহাজারের মানুষ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

165
ফেসবুকে ফলো করুন

আরিফুর রহমান নিরব: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় মশার উপদ্রব মারাত্মক আকার ধারণ করেছে। দিন দিন মশার সংখ্যা বাড়তে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মশার আক্রমণ এতটাই বেড়ে যায় যে ঘরের বাইরে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেকেই বাধ্য হয়ে সারাক্ষণ মশারি ব্যবহার করছেন। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।
এলাকাবাসীর দাবি, নিয়মিত মশা নিধন কার্যক্রম না থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। অনেক স্থানে নালা-নর্দমা পরিষ্কার না থাকায় এবং জমে থাকা পানিতে মশা দ্রুত বংশবিস্তার করছে বলে মনে করছেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, মশার কারণে রাতে ঠিকমতো ঘুমানো যাচ্ছে না। একই সঙ্গে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের আশঙ্কায় অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এ পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত মশা নিধনে স্প্রে কার্যক্রম চালু করা, নালা-নর্দমা পরিষ্কার করা এবং কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।