স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন ড্রাইভার ও কয়েকজন সাধারণ যাত্রী রয়েছেন। তাদের মধ্যে এক ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় দুই দিক থেকে আসা আরও একটি প্রাইভেট কার এবং অপরদিক থেকে আসা একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত যানবাহনের সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের প্রাথমিকভাবে উদ্ধার করে। পরে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাক-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ, ড্রাইভার সহ আহত ৫
ফেসবুকে ফলো করুন



