বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন আয়োজিত ৯ম প্রেসিডেন্ট কাপ ফেন্সিং প্রতিযোগিতায় প্রথমবার অংশগ্রহণ করেই মেয়েদের ফয়েল দলীয় ইভেন্টে তাম্র পদক অর্জন করেছে আড়াইহাজার ফেন্সিং ক্লাব। এ সাফল্যের মাধ্যমে জাতীয় পর্যায়ে আড়াইহাজারের ফেন্সিং অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
গত ১৬ জানুয়ারি ২০২৬ থেকে ১৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চারদিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বিভিন্ন স্কুল-কলেজসহ দেশের প্রায় ১৮টি ক্লাবের প্রায় ২৫০ জন ফেন্সার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, যা প্রতিযোগিতাটিকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে।
এত প্রতিযোগিতাপূর্ণ আসরের মধ্যেই মেয়েদের ফয়েল দলীয় ইভেন্টে আড়াইহাজার ফেন্সিং ক্লাবের চারজন খেলোয়াড় তাম্র পদক অর্জন করেন। তারা হলেন আড়াইহাজার আলহাজ্ব শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নিশাত আক্তার, অষ্টম শ্রেণীর ছাত্রী মহিমুন নাহার মাহিমা ও আরিফা আক্তার সামিয়া এবং আড়াইহাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী জান্নাতুল বুশরা। জান্নাতুল বুশরা বর্তমানে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সর্বকনিষ্ঠ ফেন্সার হিসেবেও পরিচিত।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় আড়াইহাজার ফেন্সিং ক্লাব থেকে সর্বমোট ১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৯ জন ছেলে ও ৫ জন মেয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রথমবার অংশগ্রহণ করেই দেশের শীর্ষ বাহিনী ও প্রতিষ্ঠানের বিপক্ষে এই সাফল্য আড়াইহাজার ফেন্সিং ক্লাবের প্রশিক্ষণ কার্যক্রম এবং উদীয়মান খেলোয়াড়দের প্রতিভার স্পষ্ট প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন সম্ভব হবে।



