স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে ৬৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে ৬৮ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব–১১। সোমবার সকালে র্যাব–১১, সিপিএসসি নরসিংদীর একটি দল অভিযান পরিচালনা করে ভ্যানের ভেতর লাল–সাদা চারটি বস্তায় খাকি টেপে মোড়ানো অবস্থায় এসব মাদক পাওয়া যায়। ঘটনাস্থল থেকে ড্রাইভার সাগর চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়। কাভার্ড ভ্যান ও তাঁর ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিকে আড়াইহাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি হলুদ রঙের কাভার্ড ভ্যানে করে মাদক নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় সরবরাহের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের একটি দল ফেরিঘাট এলাকায় অবস্থান নেয়। সকাল ৯টার দিকে সন্দেহজনক কাভার্ড ভ্যানটি থামানো হলে ড্রাইভার প্রথমে সন্তোষজনক জবাব দিতে পারেননি।
পরে ভ্যানের পেছনের দরজা খুলে তল্লাশি চালিয়ে তিনটি লাল প্লাস্টিকের বস্তা ও একটি সাদা বস্তার ভেতর খাকি টেপে মোড়ানো ৬৮ কেজি শুকনো গাঁজা পাওয়া যায়। পাশাপাশি ভ্যানটি এবং ড্রাইভারের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ড্রাইভার সাগর চন্দ্র দাস (২৮) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কালামুড়িয়া এলাকার বাসিন্দা। তিনি মুরাদনগরের ছিলমপুরেও বসবাস করতেন বলে র্যাব জানায়।
আড়াইহাজারে র্যাবের অভিযানে ৬৮ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার
ফেসবুকে ফলো করুন



