গজারিয়া থেকে খাগকান্দার আরিফের লাশ উদ্ধার 

267
ফেসবুকে ফলো করুন
মো. জিয়াউর রহমান: মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে কচুরিপানায় আটকে থাকা ভাসমান গলায় রশি বাঁধা আরিফের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২২ নভেম্বর ) বিকেল তিনটার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মোহাম্মদ আলী জানান, দুপুরের দিকে নদীতে কচুরিপানার মাঝে লাশটি ভাসতে দেখে তাঁরা কুমিল্লার চালিভাঙ্গা নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক নুরুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি,গলায় রশি বাঁধা ও পেটে কোপের চিহ্ন রয়েছে, শরীরে ফুল হাতা গেঞ্জি পরিহিত। ধারণা করা হচ্ছে, লাশটা ৪- ৫ দিন যাবৎ ভাসমান অবস্থায় ছিল।
এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশের ইনচার্জ শরজিৎ কুমার জানান, এলাকাটি চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির কাছাকাছি হওয়ায় তাঁরা উদ্ধার করেছে।
চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আমজগীর হোসেন বলেন,আমরা জেনেছি ছেলেটা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ঘাটে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতো,বাবা হারা ছেলেটি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলো,৩দিন পূর্বে খাগকান্দা ঘাট থেকে বৈদ্যারবাজার ঘাটে যাত্রীবেশে ভাড়া করে নিয়ে গিয়েছিলো ৪-৫ জন। তারপর থেকেই নিখোঁজ ছিল সে, আজ গজারিয়ার বড় রায় পাড়া সংলগ্ন মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।