বিশেষ প্রতিনিধি: রূপগঞ্জে ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের নতুন দিগন্তের সূচনা,নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় নবনির্মিত পৌর স্টেডিয়ামের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এ উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
উদ্বোধন শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার শান্তি, সার্বিক উন্নয়ন এবং সুষ্ঠুভাবে নির্মাণকাজ সম্পন্ন হওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি ও ক্রীড়ামোদী জনগণ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, “তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্রীড়া অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঞ্চন পৌর স্টেডিয়াম নির্মিত হলে এ অঞ্চলের ক্রীড়াঙ্গনে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসন সব সময়ই জনস্বার্থে উন্নয়ন কার্যক্রমে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই স্টেডিয়াম ভবিষ্যতে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার একটি আধুনিক ও মানসম্পন্ন ভেন্যু হিসেবে ভূমিকা রাখবে।”
রূপগঞ্জ উপজেলা প্রশাসন –
উন্নয়ন, সেবা ও অগ্রগতির নিরবচ্ছিন্ন অঙ্গীকার।



