স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারি ডালিম পালিয়ে গেলেও আটক করা হয় তার সহযোগী বিশনন্দী ইউনিয়নের শরিফপুর গ্রামের মোস্তফার মেয়ে সেলি আক্তার (৩৫) ও ডালিমের স্ত্রী নুপুর আক্তার (৩২) কে। অভিযান শুরু হয় সকাল ১১ টা থেকে ১টা পর্যন্ত। এ সময় তাদের বাড়িতে তল্লাশী চালিয়ে ৬২ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃতরা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত ।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, প্রথমে গোপন সংবাদের ভিক্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ডালিমের স্ত্রী ও সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় কৌশলে ডালিম পালিয়ে যায়। পরে যৌথ বাহিনীর উপস্থিতিতে তার বাড়ির ভিতরে তল্লাশী চালিয়ে ৬২ পিস ইয়াবা জব্দ করা হয়। ডালিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। আটকের পর ২ নারী মাদক ব্যবসায়ীকে দুপুর ৩টায় আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। একটি সূত্র জানায়, ডালিম স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় মাদক বিক্রি করে আসছিল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে ডালিম একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
যৌথবাহিনীর অভিযানে আড়াইহাজারে ২ নারী মাদক কারবারি আটক
ফেসবুকে ফলো করুন



