পরিবেশ সংরক্ষণে সোনারগাঁয়ে ট্যুরিস্ট পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

98
ফেসবুকে ফলো করুন

পীর মোহাম্মদ : পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফলদ ও ঔষধি গাছ রোপণ করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) উপজেলার বকুলতলা এলাকায় ট্যুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের নির্ধারিত জমিতে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশের নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিজিয়নের পুলিশ সুপার (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ মোখলেছুর রহমান, পিপিএম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ, সোনারগাঁ উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাসুদ রানা, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মীযানুর, রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মোক্তার হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সামিম আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ বাবুল হোসেনসহ ট্যুরিস্ট পুলিশের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোখলেছুর রহমান বলেন,ট্যুরিস্ট পুলিশ শুধু ট্যুরিস্টদের নিরাপত্তা ও সেবার জন্য কাজ করে না, আমরা পরিবেশ রক্ষাতেও ভূমিকা রাখতে চাই। কারণ পর্যটন শিল্প পরিবেশের উপর অনেকটা নির্ভরশীল। কোথাও যদি পরিবেশ অনুপযুক্ত হয়, সেখানে পর্যটক আসতে চায় না। তাই আমরা পর্যটন এলাকাগুলোকে সবুজ ও পরিবেশবান্ধব রাখতে বৃক্ষরোপণ করছি।

তিনি আরও বলেন, “আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি এখানেই সীমাবদ্ধ নয়। আমরা এসব গাছের সঠিক পরিচর্যার দিকেও নজর রাখব।”

এ উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি করা।