আড়াইহাজারে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার, বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

200
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে র‌্যাব-১০ এর অভিযানে অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ জুন) ভোরে উপজেলার চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১০ জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তারা জানতে পারে, চৌরাস্তা এলাকায় কিছু ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ভোর সোয়া ৪টার দিকে আভিযানিক দলটি সেখানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের নাম মো. তরিকুল হোসেন (২৫) ও মো. সুজন (২৯)। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়। তরিকুলের পিতা তারা মিয়া এবং তিনি ছোনাপ (ভুলতা) এলাকার বাসিন্দা। সুজনের পিতা মো. নুরুল ইসলাম ওরফে নিরু মিয়া; তিনি মুড়াপাড়া এলাকার বাসিন্দা।
র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সুজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় পূর্বে দুটি মামলা রয়েছে। একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অপরটি দণ্ডবিধির একাধিক ধারায় দায়েরকৃত মামলা। তিনি এসব মামলায় ইতিপূর্বে গ্রেপ্তারও হয়েছিলেন।
র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার অপরাধী। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আড়াইহাজার থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি খন্দকার নাসিরউদ্দিন।