আড়াইহাজারে ছিনতাইকারীর হামলায় আহত নৈশ প্রহরীর মৃত্যু

104
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে ছিনতাইকারীদের হামলার শিকার হওয়া সোহাগ (৪২) নামে এক শ্রমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বুধবার রাতে মারা গেছেন।

এর আগে গত মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ৩ টায় উপজেলার আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটেছে।

নিহত সোহাগ ভোলা জেলার দৌলতপুর থানার চর খলিফা গ্রামের মো. কাসেমের ছেলে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানা যায়, সোহাগ শিবপুর এলাকায় কনস্ট্রাকশনের মালামাল পাহাড়া দেওয়ার জন্য রাত্রিকালীন ডিউটি করছিল। এ সময় কয়েকজন ছিনতাইকারী মালামাল ছিনতাইয়ের জন্য তাকে মারধর করে আহত করে আনুমানিক ৪ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

পরে ভোর ৬ টায় এলাকাবাসীসহ সহকর্মী শ্রমিকারা তাকে দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং তার পরিবারের লোকজনকে খবর দেয়।

অবস্থা খারাপ হলে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে নিয়ে তাকে চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে গত মঙ্গলবার নিজ বাড়ি ভোলার উদ্দেশ্যে রওনা দিলে চাঁদপুর লঞ্চে বুধবার রাতে তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।