স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানার সজল হত্যা মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৮ জুন) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে হাজির করে পুলিশ। একইসঙ্গে ফতুল্লা থানার সাঈদ হত্যা চেষ্টা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
শুনানি শেষে আদালত সজল হত্যা মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নামঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সজল হত্যাকাণ্ড ঘটে। ডা. আইভী হুকুমদাতা আসামি হিসেবে অভিযুক্ত। জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে বলে আমরা বিশ্বাস করি।”
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, “দুটি মামলায় এজাহারে তার নাম নেই। কোনো নির্দিষ্ট অভিযোগের বর্ণনাও নেই। এরপরও এক মামলায় রিমান্ড মঞ্জুর হয়েছে, অন্য মামলায় জামিন আবেদন করা হলেও তা নামঞ্জুর হয়।”
উল্লেখ্য, গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার নিজ বাসা থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি ও ফতুল্লা থানায় ১টি মামলা রয়েছে, যার মধ্যে ৩টি হত্যা মামলা। বিষয়টি ঘিরে নারায়ণগঞ্জে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।



