সোনারগাঁয়ে বিএনপির নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন

145
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে, কোনো ফ্যাসিবাদ যেন বিএনপির সদস্য হতে না পারে। অনেকে ৫ আগস্টের পর বিএনপির ট্যাগ লাগিয়ে ঘুরছে, যারা এক লক্ষ টাকার বিনিময়ে সদস্য হতে চাইবে। নেতাকর্মীদের বলবো—লক্ষ টাকার লোভে পড়ে ৩০ বা ৪০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার বিক্রি করে দিয়েন না।”

বুধবার (১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিবী।

মামুন মাহমুদ আরও বলেন, “এ সদস্য ফরমে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাক্ষর রয়েছে। কোনো আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা সুবিধাবাদীদের সদস্য ফরম দেওয়া যাবে না। যারা নেতাকর্মীদের ওপর জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, পুলিশে ধরিয়ে দিয়েছে—তাদের নাম সদস্য তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। যদি এমন কেউ অন্তর্ভুক্ত হয়, তাহলে সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ড নেতাদের বহিষ্কার করা হবে।”

আলোচনা শেষে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সদস্য সংগ্রহের বই বিতরণ করা হয়। অনুষ্ঠানটিতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।