বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের খানপুর হাসপাতাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ দালালকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ৩ মে ( শনিবার ) নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশে ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার উদ্দেশ্য ছিল সরকারি আদেশ অমান্য করে হাসপাতাল চত্বরে দালালচক্র ও অবৈধ মধ্যস্থতাকারী কার্যক্রমে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।
দন্ডিতরা হলেন, সদর মডেল থানার খানপুর এলাকার মোকসেদ আলীর ছেলে মো. মঞ্জু (৫৫) এবং ফতুল্লা মডেল থানার গলাচিপার কলেজ রোড এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মো. মাসুদ হাওলাদার (৪২)।
আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী বিচারকার্য পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে উভয়কে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
হাসপাতাল এলাকায় দালাল ও প্রতারকদের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকার পরও দুইজন ব্যক্তি সরকারি নির্দেশনা অমান্য করে উক্ত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় উক্ত দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
এই অভিযান সরকারি আদেশ বাস্তবায়ন ও সাধারণ জনগণকে প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান দায়িত্বশীল কর্মকর্তা।



