বিশেষ প্রতিনিধি: আড়াইহাজারে রায় ঘোষনার ২৪ ঘন্টার মধ্যেই হাবিবুল্লা মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত হাবিব উল্লাহ সিংহদী গ্রামের মো. রুস্তম আলীর ছেলে।
জানা গেছে, গত ২০১৯ সালের ৩১ মে পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জে আড়াইহাজারের সেন্দী এলাকার রুস্তম আলীর ছেলে শামীম (৩০) ও হাবিবুল্লাহ (৩৪) দুই ভাই মিলে স্বপনকে (৩৫) ছুরিকাঘাত করে হত্যা করে। নিহত স্বপন আড়াইহাজরের কাহেন্দী এলাকার মৃত রহম আলীর ছেলে। পরে নিহতের বোন জাহানারা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত বিচারকার্য শেষে গত ৩০ মে বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ রায় ঘোষণা করেন। রায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তারা আদালতে অনুপস্থিত ছিলেন
র্যাব জানায়, রায় ঘোষনার পর হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব—১১, নারায়ণগঞ্জ তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যাবাজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাবিবুল্লা মিয়া এর অবস্থান সনাক্ত পূর্বক র্যাব—১১ সদর কোম্পানি আদমজীনগর, নারায়নগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ১ মে (বৃহস্পতিবার ) বিকাল সাড়ে পাঁচটায় ডেমরা থানাধীন মাতুয়াইল আশ্রাফ আলী রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।



