বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আওয়ামী সরকারের সকল গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বুধবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা এ মিশাল মিছিল বের করে।
মিছিলটি মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌরাস্তায় মসজিদের সামনে সমাবেশে মিলিত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোনারগাঁও উপজেলা শাখার নেতৃবৃন্দ এ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার যুগ্ন সদস্য সচিব মুখলেসুর রহমান স্বজন, মূখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন, যুগ্ম আহবায়ক শাকিল সাইফুল্লাহ, সদস্য অনিক খান সিয়াম, ফারজানা আক্তার, হাবিবুর রহমান জিহাদ, শাফিন আহম্মেদ, মো ইরফান সাদিক, আবু সুফিয়ান, সিফাত, জাহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সকল গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।



