মো. জিয়াউর রহমান: আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া গ্রামের প্রথিতযশা শিক্ষক, রাজনীতিবিদ, ন্যায় বিচারক অহিদুর রহমান বাচ্চু (৮২) মাষ্টারের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ( ১২ নভেম্বর ) সকাল ১১ টায় কালাপাহাড়িয়া কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় মিরপুরে একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সাথে চাকরি করে অবসর গ্রহণ করেন। জানাজায় অংশ নিয়ে তাঁর অসংখ্য ছাত্র, সহকর্মী ও শুভানুধ্যায়ী অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানান। স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর অসংখ্য ছাত্র ও সহকর্মী বলেন, অহিদুর রহমান বাচ্চু স্যার আমাদের আদর্শ ছিলেন। তিনি সবসময় আমাদেরকে নীতি ও আদর্শের শিক্ষা ও পরামর্শ দিয়েছেন। তাঁর দিকনির্দেশনা অনুসরণ করে আজও আমরা নিবেদিতভাবে শিক্ষাদান করে যাচ্ছি। এই ইউনিয়নে তিনি ছিলেন ন্যায় বিচারের মূর্ত প্রতীক। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তাঁর মৃত্যুতে আমরা এমন একজন অভিভাবক হারালাম যার শূন্যতা পূরণ সম্ভব নয়। সবাইকে স্যারের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করার অনুরোধ করছি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



