ঈদ উপলক্ষ্যে বিশনন্দী ফেরিঘাটে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

451
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: আড়াইহাজারের মেঘনা নদী বেষ্টিত বিশনন্দী ফেরিঘাট এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পর্যটক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমেছে। আবহাওয়া ও আইন শৃংখলা পরিস্থিতি ভালো থাকায় ঈদ পরবর্তী ছুটির অংশ হিসেবে স্বপ্নের ফেরিঘাট দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য দর্শনার্থীর আগমণ দেখা গেছে।

এতে এখানকার রেস্টুরেন্ট ও অন্যান্য খাবারের দোকানগুলোতে ক্রেতাদের সমাগম বেড়েছে।   সরেজমিনে দেখা গেছ, দূরদূরান্ত থেকে বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ মেঘনা নদীর তীরবর্তী ফেরিঘাট এলাকায় ভিড় জমাচ্ছেন।  পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা ট্রলারে করে খুব কাছে থেকে মেঘনা নদী ঘুরে দেখছেন ও তার সৌন্দর্য উপভোগ করছেন। এছাড়া ঈদ উপলক্ষ্যে নদীর পাড়ে মেলার আয়োজন করা হয়েছে। সেখানে ক্রেতারা তাদের নিজ নিজ চাহিদা অনুযায়ী পণ্য ক্রয় করতে পারছে ।

এ সময় অসীম নামে এক দর্শনার্থী বলেন, নদীর তীরবর্তী অংশ এতটা সুন্দর যা খুব কাছ থেকে মেঘনা নদী দেখছি। এখানে অনেক ভালো লাগছে।   নাঈম নামে এক পর্যটক বলেন, পরিবার পরিজন নিয়ে এখানে এসেছি, সবাই মিলে সরাসরি ফেরিঘাটের সৌন্দর্য দেখার সৌভাগ্য হলো। নদীর মাঝখানে স্বপ্নদ্বীপ যা দেখে মুগ্ধ। এছাড়া এখন রেস্টুরেন্টে যাচ্ছি মেঘনার ইলিশ ভাজার স্বাদ নিতে।

স্থানীয় দোকানিরা বলছেন, এ বছর ঈদ সময়ে আবহাওয়া ও আইন শৃংখলা ভালো থাকায় এখানে দর্শনার্থীদের ভিড় বেশী হচ্ছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ঈদ উপলক্ষ্যে পর্যটক এবং দর্শনার্থীদের ভিড় বেশী হচ্ছে। দর্শনার্থীরা যেন নিরাপদে ঘুরে বেড়াতে পারেন সেদিকে সর্বোচ্চ লক্ষ্য রাখা হচ্ছে।