বিশেষ প্রতিনিধি : হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৪-২৬) হাব হাবিবুল্লহ মুহাম্মদ কুতুব উদ্দিন সমর্থিত সম্মিলিত ফোরাম পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ২৭টি পদে হাব সম্মিলিত ফোরামের সব প্রার্থী জয়লাভ করেন। এছাড়া ঢাকা আঞ্চলিক পরিষদের ১৩টি ও চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সাতটি পদেও হাব সম্মিলিত ফোরামের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এর আগে সিলেট আঞ্চলিক পরিষদের সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান শনিবার রাতে ফলাফল ঘোষণা করেন।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ৪৬৯ ভোট পেয়ে সভাপতি হিসেবে আবারো নির্বাচিত হন সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান এম শাহাদাত হোসাইন তসলিম। এবারসহ টানা তৃতীয় বার তিনি সভাপতি নির্বাচিত হলেন। তসলিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাব গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্যানেল প্রধান ও হাবের সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদ পেয়েছেন ২৮৫ ভোট। নবনির্বাচিত সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, রাজধানীসহ সারা দেশে বিভিন্ন হজ এজেন্সির সদস্য ভোটাররা আমাদের প্রতি আস্থা রেখে বিপুল ভোটে নির্বাচিত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সুশৃংখল হজ ব্যবস্থাপনা ও হজযাত্রীদের কল্যাণের জন্য আমরা আরো বেশি কাজ করব।
হাবের নির্বাচন অনুষ্ঠিত হয় রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশনে। এছাড়া সিলেট ও চট্টগ্রামে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (বাণিজ্য সংগঠন) ড. জিনাত রেহান, উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ, এমএম মোস্তফা জামাল চৌধুরী ও মোহাম্মদ মশিউর রহমান।
নির্বাচনে বিজয়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অন্য প্রার্থীরা হলেন, ফারুক আহমেদ সরদার (৪৭০), আলহাজ মাওলানা ফজলুর রহমান (৪৬৬), মাওলানা ইয়াকুব শরাফতী (৪৬৫), আলহাজ মোহাম্মদ আবু তাহের (৪৬৩), জাহিদ আলম (৬৪৩), মাওলানা মোঃ মাহবুবুর রহমান (৪৬২), মুফতী মুস্তাফিজুর রহমান (৪৬০), মোহাম্মদ মোছলেহ উদ্দিন (৪৬০), মুফতী মুহাম্মদ জুনায়েদ গুলজার (৪৬০), লুৎফুল হক নাঈম (৪৫৯), এহসানুল করিম (৪৫৮), আকবর আলী (৪৫৮), মুফতী আব্দুল কাদের মোল্লা (৪৫৭), বেলাল হোসেন মজুমদার (৪৫৭), ইঞ্জি এইচ এম আতাউর রহমান (৪৫৬), মোহাম্মদ অলিউর রহমান (৪৫৩), মোহাম্মদ মাহমুদুল হক (৪৫৩), রফিকুল ইসলাম পাটোয়ারী (৪৫২), মোহাম্মদ আক্তারুজ্জামান ভূইয়া (৪৪৩) ও আব্দুল মান্নান (৪৪০)।


