সবার আগে নিজের এবং পরিবারের ভালো বুঝতে হবে : ওসি আহসান

773
ফেসবুকে ফলো করুন

ষ্টাফ রিপোর্টার :  আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ এলাকার একটি বিদ্যালয়ের গিয়ে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ, আত্মহত্যার প্রবণতা প্রতিরোধে সচেতনতামূলক সভা করেছেন। সোমবার উপজেলার শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ে গিয়ে তিনি শিক্ষার্থীদের নিয়ে এই সভা করেন।
এই সময় ওসি আহসান উল্লাহ বিদ্যালয়ের গিয়ে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ, আত্মহত্যা প্রবণতা ও মোবাইল ব্যাবহারের সুফল ও কুফল সম্পর্কে বক্তব্য রাখেন।
ওসির বক্তব্যে মুগ্ধ হয়ে সভায় মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে শপথ করেছেন স্কুলের সকল শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

ওসি আহসান আরও বলেন, মাদক, বাল্যবিয়ে, পালিয়ে বিয়ে করা, ইভটিজিং ইত্যাদি চলমান সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য তোমাদের সঙ্গে আজ কথা বলতে এসেছি। দিন দিন এসব সমস্যা সমাজে প্রকট আকার ধারণ করছে। সবাইকে বলছি, সবার আগে নিজের এবং পরিবারের ভালো বুঝতে হবে।
তিনি বলেন, সবাই আমার সঙ্গে শপথ করো, কখনো প্রেম করে পালিয়ে যাবে না, পরিবারকে কষ্ট দেবে না। ইভটিজিং, বাল্যবিয়ে, অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীদের পলায়ন সমাজে ব্যাধি হিসেবে জেনো রূপান্তরিত না হয়, এ কারণেই সবাইকে সচেতন হতে হবে।

সভা শেষে ওসি গণমাধ্যম কর্মীদের বলেন, আইনে বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। যেকোনো মূল্যে এটি প্রতিহত করতে হবে। বাল্যবিবাহ একটি মেয়ের বড় হওয়ার পথে সব থেকে বড় বাধা। এছাড়া অপ্রাপ্ত বয়সে প্রেম করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। এ বিষয়ে সবাইকে বোঝাতে হবে, লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর পরই মেয়েদের বিয়ে করা উচিত। তাই এমন সচেতনতামুলক ক্লাসের আয়োজন করা হয়েছে । এসময় তিনি আরও জানান, পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে এ ধরনের শপথের আয়োজন করা হবে। এই সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।