এবার এশিয়ান টিভির হেড অব নিউজ হলেন আড়াইহাজারের কৃতিসন্তান বেলাল হোসাঈন

534
ফেসবুকে ফলো করুন

মাসুম বিল্লাহ : আড়াইহাজারের কৃতিসন্তান বেলাল হোসাঈন কর্মক্ষেত্রে পুরস্কৃত হয়ে পদোন্নতি পেলেন। জনাব বেলাল হোসাঈন পদোন্নতি পেয়ে ‘এশিয়ান টিভি’ এর হেড অব নিউজ হিসেবে নিযুক্ত হলেন। বৃহস্পতিবার রাতে এশিয়ান টিভি’র চেয়ারম্যান ও সিআইপি হারুণ অর রশীদ হেড অব নিউজ হিসেবে নিয়োগপত্র তুলে দেন বেলাল হোসাইনের হাতে। তাছাড়া তাঁর কর্মজীবনের সাফল্য কামনা করে চেয়ারম্যান হারুণ অর রশীদ বলেন, বেলাল হোসাঈন একজন মেধাবী ও পরিশ্রমী সাংবাদিক। দায়িত্বশীল হয়েও নিজে যথেষ্ঠ কাজ করেন। ভালো কিছু করার একটা ক্ষুধা তাঁর মধ্যে দেখতে পাই। শুধুমাত্র এই বৈশিষ্ট্যের জন্যই তিনি এগিয়ে যাবেন। আমি তাঁর সার্বিক মঙ্গল কামনা করি। পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা জানান হুইপ নজরুল ইসলাম বাবু, আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহসহ সকল সাংবাদিক বৃন্ধ।
ঢাকার সাংবাদিকতা জগতে নিজেকে একটি উজ্জল নক্ষত্রে পরিণত করেছেন সাংবাদিক মোঃ বেলাল হোসাইন। ইলেক্ট্রনিক্স মিডিয়ায় সুপরিচিত একটি নাম বেলাল হোসাঈন। প্রচার বিমুখ ও সাদা মনের মানুষটি আড়াইহাজারের একজন কৃতিসন্তান। যিনি স্বীয় মেধা-মননে নিজেকে বিকশিত করতে পেরেছেন তুমুল প্রতিযোগিতা ও ঝুঁকিপূর্ণ পেশা সাংবাদিকতায়। মহান পেশা সাংবাদিকতাকেই গ্রহণ করেছেন সমাজ বদলের হাতিয়ার হিসেবে। দেশ গড়ার কাজও করছেন সাংবাদিকতার মাধ্যমে। ইটপাথরের কঠিন নগরীতে শীতাতপ নিয়ন্ত্রিত অফিস কক্ষে বসে থেকেও অন্তরে দেশপ্রেম লালন করেন। কাজ করেন মাটি ও মানুষের জন্য। কৃতি সাংবাদিক বেলাল হোসাঈন বহুমাত্রিক সাফল্যের অধিকারী এক ব্যক্তিত্ব।
অসাম্প্রদায়িক এবং আবেগপ্রবন, স্নেহশীল ও বন্ধুবৎসল। সমাজ সচেতন এবং প্রগতিশীল রাজনৈতিক আদর্শে আস্থাশীল। তিনি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে পারেন যে, সবকিছুর উর্ধ্বে মানুষ। মানুষ কে মানুষ হয়ে ওঠা জরুরি। যে মানুষ কেবল মানবকল্যাণের কাজে নিবেদিত থাকবে। তরুণরা হচ্ছে জাতি গঠনের মূল কারিগর। তরুণ সমাজের মধ্যে যে শক্তি ও সম্ভাবনা রয়েছে তা যদি দেশের উন্নয়নে কাজে লাগানো যায় তাহলে দেশের উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হবে।
সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ পেশা। তাও আবার ইলেক্ট্রনিক্স মিডিয়া বলে কথা। যেখানে সাগর-রুনির হত্যা রহস্য আজো উন্মোচিত হয়নি। সাগর-রুনি নিহত হয়েছেন সাংবাদিকতার পাদপীঠ রাজধানী ঢাকায়। সেই মহানগরীতেই একটি প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের বার্তা বিভাগের প্রধান হিসেবে কাজ করা চাট্টিখানি কথা নয়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যেও নিজেকে খাপ খাইয়ে নিতে পারাটা সত্যিকার অর্থেই গর্বের ব্যাপার।
তিনি একজন সাদা মনের মানুষ এবং পরিচ্ছন্ন ব্যক্তি। কর্মগুণে সাফল্যের চূড়ায় উঠলেও রাগ, হিংসা ও অহংকার তাকে স্পর্শ করতে পারেনি। এত উচুমানের লোক হয়েও চলাফেরা করেন একজন সাধারণ মানুষ হিসেবে। এখানেই একজন বেলাল হোসাঈনের মার্জিত ব্যক্তিত্ব প্রকাশ পায়। একজন বেলাল হোসাঈন হয়ে উঠেন তরুণদের আদর্শ। গোপালদীর তরুণ সমাজ তাকে নিয়ে গর্ববোধ করে থাকে বলে জেনেছি। বড় বড় ব্যবসায়ী ও সমাজপতিরা উদাহরণ টেনে বলেন, বেলালের মতো ছেলে হয়না।
আড়াইহাজারের এই কৃতিসন্তান মোঃ বেলাল হোসাঈন ১৯৮৩ সালে গোপালদী পৌরসভার উলুকান্দী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা- মোঃ নুরুল আমিন ও মাতা মরহুম দুধ মেহের বেগম। ছয় ভাই-বোনের মধ্যে সবার ছোট। বর্তমানে ঢাকার আগারগাঁও এ বসবাস করছেন। তাঁর স্ত্রী ফারজানা শারমানী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি ইউনিটের দায়িত্বে আছেন। এক মেয়ে ফাইজাহ বিনতে হোসাইন ও এক ছেলে ফারিয়াল বিন হোসাইন। বেলাল হোসাঈন সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এসএসসি, ২০০০ সালে সরকারি সফর আলী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ থেকে সাংবাদিকতায় অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পাশাপাশি আলিয়ঁস ফ্রসেজ থেকে ফ্রান্স ভাষায় পারদর্শী হন। ছাত্র থাকা অবস্থায় চ্যানেল আইতে ৩ মাস কাজ করেন। এছাড়া দৈনিক যুগান্তর ও যায়যায়দিনে ফিচার লিখতেন।
বেলাল হোসাঈন ২০০৬ সালের শেষের দিকে রিপোর্টার হিসেবে আরটিভিতে যোগদান করেন। প্রায় তিন বছরেরও বেশি সময় আরটিভিতে কাজ করেন। এরপর ২০১০ এর শুরুতে ইনপুট এডিটর হিসেবে চ্যানেল ওয়ানে যোগদান করেন। এরপর ২০১১ সালে এটিএন নিউজে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১২ সালের সেপ্টেম্বরে একই পদে চ্যানেল-২৪ এ যোগদান করেন। এরপর ২০১৫ সালে একই প্রতিষ্ঠানে বার্তা সম্পাদক হিসেবে পদোন্নতি পান। এ বছর এশিয়ান টিভিতে হেড অব নিউজ হিসেবে পদোন্নতি লাভ করেছেন। আমরা তার মঙ্গল কামনা করছি। আশা করি সমাজের যে কোন দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করতে সক্ষম হবেন তিনি।