নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক নজরুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় মো. জাকির (৪৫) ও মো. আরিফ (৩৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সনদ বড়ুয়া।
গ্রেপ্তারকৃত আসামি জাকির সোনারগাঁ উপজেলার মাঝের চর এলাকার মৃত হাবিবুর রহমান ছেলে ও আরিফ একই এলাকার মৃত বাদশা মিয়া ছেলে।
জানা যায়, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক ও চর নোয়াগাঁও গ্রামের শফেদ আলী ভূঁইয়ার ছেলে নজরুল ইসলাম গত ২৫ জানুয়ারি বিকেলের দিকে রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া এলাকায় ব্যবসার কাজে যাচ্ছিলেন। পথে উপজেলার জামপুর ইউনিয়নের মাঝের চর বাসস্ট্যান্ডে গাউছিয়া যাওয়ার জন্য অটোরিকশায় উঠেন। দীর্ঘ সময় কোনো যাত্রী না উঠার কারণে তিনি অটোরিকশা থেকে নেমে আরেকটি গাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করেন। এ সময় অটোরিকশা থেকে নেমে যাওয়ার কারণে অটোরিকশার লাইনম্যান জাকির হোসেন, অটোচালক দায়েন, রানা এবং আরিফের সঙ্গে তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে লাইনম্যান জাকির হোসেন, দায়েন, রানা ও আরিফ লাঠি দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। তাদের সঙ্গে স্ট্যান্ডের অন্য অটোচালকরা ভিকটিমকে কিল-ঘুষি ও মারধর করেন। তাদের পিটুনিতে ঘটনাস্থলে নজরুল ইসলাম অজ্ঞান হয়ে পড়লে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ২৬ জানুয়ারি রাতে নিহতের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মাঝের চর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের লাইনম্যান জাকির হোসেন, দায়েন, রানা, আরিফসহ সাতজনের নাম উল্লেখসহ পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়।



