বিশেষ সংবাদদাতা: সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের ৪ দিন পর হেলালউদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেঘনা নদীর শাখা নদী মারিখালীর রতনপুর ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সোনারগাঁও ফায়ার সার্ভিস ও বৈদ্যেরবাজার নৌ- ফাঁড়ি পুলিশ যৌথভাবে এ লাশ উদ্ধার করে।
হেলাল উদ্দিনের লাশ পরিবারের পক্ষ থেকে নিহতের বোন জামাই মোক্তার হোসেন সনাক্ত করেন। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত শনিবার সকালে মেঘনা নদীর বৈদ্যেরবাজার আল মোস্তফা ফ্যাক্টুরির সামনে থেকে তার দুই ছেলে ও এক মেয়ের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। হেলাল উদ্দিনের লাশ উদ্ধারের মাধ্যমে উদ্ধার তৎপরতা শেষ হয়েছে বলে জানিয়েছেন বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. শাহ কামাল।
গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মেঘনা নদীর বৈদ্যেরবাজারের সোনাময়ী এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে একই পরিবারের চারজন নিখোঁজ হন। ঘটনার সময় রায়েশা বেগম নামের একজনের লাশ উদ্ধার করা হয়।



