সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত 

46
ফেসবুকে ফলো করুন

বিশেষ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী, ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, মো. মামুন সরকার, সহকারী কমিশনার (ভূমি), ফাইরুজ তাসনিম, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাঈদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো.শাজাহান মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছেন। তারই ধারাবাহিকতায় তোমাদের মতো কৃতি শিক্ষার্থীদের উৎসাহ দিতে আমাদের এই আয়োজন। আমি প্রত্যাশা করছি কৃতিত্বের এই ধারা তোমরা অব্যাহত রাখতে আরো বেশি করে পড়াশোনা চালিয়ে যাবে।

তিনি আরো বলেন, উপস্থিত মায়েদের কাছে আমার অনুরোধ আপনাদের সন্তানদের প্রতি আরো যত্নশীল হোন, তারা আপনার মুখ উজ্জ্বল করে সোনারগাঁ উপজেলাকে সারা বাংলাদেশে সুপরিচিত করবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, মাননীয় এমপি মহোদয়ের উৎসাহ ও আগ্রহের কারণে উপজেলা প্রশাসনের আয়োজনে এরকম একটি সুন্দর অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রধান অতিথি অনুষ্ঠানে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ১৩৫ জন, ২০২৫ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬৫ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এসময় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কৃতি শিক্ষার্থী অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।