প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সাংসদ আজহারুল ইসলাম মান্নানের মতবিনিময় 

37
ফেসবুকে ফলো করুন

বিশেষ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলা অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশ নেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সোনারগাঁয়ের প্রাথমিক শিক্ষার বর্তমান চিত্র, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ এবং শিক্ষার মান আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করতে পারলেই একটি শিক্ষার্থীর ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। তাই প্রাথমিক বিদ্যালয়গুলোকে আরও মানসম্মত ও শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতে সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিজেদের প্রতিষ্ঠিত করছে। সোনারগাঁয়ের শিক্ষার্থীরাও যাতে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারে, সে লক্ষ্যে প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার গুণগত মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন।

এমপি মান্নান আরও বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা পরবর্তী সময়ে ভালো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে এবং কর্মজীবনে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছাতে পারবে। এতে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সোনারগাঁয়েরও সুনাম বৃদ্ধি পাবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশেও শিক্ষকদের আন্তরিক ভূমিকা রাখতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে গুরুত্ব দিয়ে তাদের সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করতে হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ও শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ এবং বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রধান শিক্ষকগণ তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মতবিনিময় সভার মাধ্যমে সোনারগাঁয়ের প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরিতে শিক্ষক, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।