গ্রিন স্কলার্স স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

15
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গ্রিন স্কলার্স স্কুল এন্ড কলেজে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় প্রতিষ্ঠানের হল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন স্কলার্স স্কুল এন্ড কলেজের পরিচালক মো. আবুল কাসেম।

অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় আত্মত্যাগের গুরুত্ব অপরিসীম। তিনি শিক্ষার্থীদের ন্যায়, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মাহতাব হোসেন মাসুম। তিনি বলেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অংশ। এসব আন্দোলনের মূল চেতনা ছিল অন্যায় ও স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক সুফিয়ান ইসলাম শাওন, হালিমা আক্তার, কামরুন্নাহার এবং অভিভাবক সদস্য আব্দুস সালাম।
সভায় সভাপতিত্ব করেন গ্রিন স্কলার্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ-বিন-আনোয়ার। সভাপতির বক্তব্যে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, গণতন্ত্রের বিকাশ ও বিভিন্ন গণআন্দোলনের বিষয়ে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।