মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বাঞ্ছারামপুরে যুব রেড ক্রিসেন্টের র‍্যালি ও আলোচনা সভা

37
ফেসবুকে ফলো করুন

বাঞ্ছারামপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যুব রেড ক্রিসেন্ট উপজেলা দলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট বাঞ্ছারামপুর উপজেলা দলের দলনেতা ইমন হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. সবুজ মিয়া।

সভায় স্বাগত বক্তব্য দেন যুব রেড ক্রিসেন্টের নবীনগর ও কসবা উপজেলা দলের প্রতিনিধি রকিবুল হাসান শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ফাহিম মুনতাসীর, বাঞ্ছারামপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমান উল্লাহ, বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ দুধ মিয়া মাস্টার, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন রিপন, রেড ক্রিসেন্ট শিক্ষক মো. শেখ ফরিদ, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ এবং সিনিয়র সহ-সভাপতি ফয়সাল আহমেদ খান।

প্রধান অতিথির বক্তব্যে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি থেকে শুরু করে পরিবার ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, সামাজিক সংগঠন এবং তরুণদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। যুবসমাজকে খেলাধুলা, স্বেচ্ছাসেবা, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব। এ লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যুব রেড ক্রিসেন্ট বাঞ্ছারামপুর উপজেলা দলের উপ-দলনেতা মো. মাহমুদউল্লাহ, প্রশিক্ষণ ও সহ-শিক্ষা বিভাগের উপ-প্রধান আরিফুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান ইফরাত জাহান ইমি এবং বাঞ্ছারামপুর সরকারি কলেজ দলের দলনেতা মো. ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানের সমাপনী পর্বে উপস্থিত স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনের শপথ গ্রহণ করেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।