স্টাফ রিপোর্টার: আগামী ১৭ জুন মৌলভীবাজার যাওয়ার পথে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–কে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ–এর নির্দেশনায় ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার অংশজুড়ে নেতাকর্মীদের জন্য স্পট বণ্টন ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ১৭ জুন সকাল ৭টার মধ্যে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানসহ নিজ নিজ অবস্থানে উপস্থিত থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে। পাল্লা থেকে বাগবাড়ি পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, পাল্লা থেকে ছোনপাড়া পর্যন্ত অংশে দুপ্তারা, ব্রাহ্মন্দী, হাইজাদী ও কালাপাহাড়িয়া ইউনিয়ন; ছোনপাড়া থেকে কান্দাইল বাসস্ট্যান্ড পর্যন্ত বিশনন্দী, ফতেপুর, মাহমুদপুর ও উচিৎপুরা ইউনিয়নের নেতাকর্মীরা অবস্থান নেবেন।
এ ছাড়া কান্দাইল বাসস্ট্যান্ড থেকে পুরিন্দা পর্যন্ত অংশে আড়াইহাজার পৌরসভা, কৃষক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল ও তাঁতি দলের নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন। পুরিন্দা থেকে বাগবাড়ি পর্যন্ত গোপালদী পৌরসভা ও খাগকান্দা ইউনিয়নের নেতাকর্মীরা অবস্থান নেবেন। সাতগ্রাম ইউনিয়ন পুরো রুটে সমন্বয় ও সহায়ক দায়িত্ব পালন করবে।
বিএনপির নেতারা জানান, এমপি নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আড়াইহাজারের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিচ্ছেন। মহাসড়কের দুই পাশে নেতাকর্মীদের উপস্থিতির মাধ্যমে দলীয় শক্তির প্রদর্শন ঘটবে বলেও তারা আশা প্রকাশ করেন।
মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আড়াইহাজার বিএনপির ব্যাপক প্রস্তুতি
ফেসবুকে ফলো করুন



