স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মালয়েশিয়া প্রবাসী আনিস মিয়ার স্ত্রী সানোয়ারা বেগম (২৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী মধ্যপাড়া এলাকায় স্বামীর নির্মাণাধীন নতুন বাড়ির একটি টিনশেড ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে। অন্যদিকে, নিহতের স্বজনদের অভিযোগ—এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার শেষ করেন সানোয়ারা বেগম। এরপর সন্তানদের ঘুমিয়ে যেতে বলে তিনি বাড়ি থেকে বের হন। যাওয়ার সময় পরিবারের সদস্যদের জানান, ওই রাতে তিনি বান্ধবী সুইটির বাড়িতে থাকবেন।
তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ শুরু করেন। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে স্বামীর নির্মাণাধীন নতুন বাড়ির একটি পরিত্যক্ত টিনশেড ঘরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
নিহতের ভাই বাবুল অভিযোগ করে বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওর সাথে কয়েক ভরি স্বর্ণালঙ্কার ছিল। মরদেহ উদ্ধারের সময় শরীরে কোনো গহনা পাওয়া যায়নি। অলঙ্কার লুট করার জন্যই তাকে খুন করা হয়েছে।
তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। সানোয়ারা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। নারী পুলিশ সদস্যদের দিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



