দুপ্তারায় কারখানায় অভিযান: মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ, জরিমানা

167
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা এলাকায় একটি খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ মার্চ ) বিকেল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ‘মডার্ন ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’ নামের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।  অভিযানে নেতৃত্ব দেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে মজুদ রাখা বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ জুস, লিচু ড্রিংকসহ বিভিন্ন খাদ্যপণ্য পাওয়া যায়। এছাড়া কেমিক্যাল ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে গ্রিন পি, সসসহ অন্যান্য পণ্য উৎপাদনের প্রমাণ মেলে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক টিটু সাহাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ কিছু পণ্য তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। অবশিষ্ট পণ্য দ্রুত সময়ের মধ্যে ধ্বংস করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।