আড়াইহাজারে অবৈধভা‌বে বালু ও মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

118
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের একটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় রিফাত (৩০) নামের এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়। তিনি বিশনন্দী ইউনিয়নের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ওই এলাকায় বালু ও মাটি উত্তোলন করা হচ্ছিল। এতে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি কৃষিজমি ও আশপাশের স্থাপনা ঝুঁকির মুখে পড়ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান ইমন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অবৈধ উত্তোলনের সত্যতা প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলেই দণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান ইমন বলেন, অবৈধ বালু ও মাটি উত্তোলনের ফলে পরিবেশ ও জনজীবনে বিরূপ প্রভাব পড়ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।