স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে গরু চোর সন্দেহে দুজনকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত অবস্থায় তাদের উদ্ধার করে।
ঘটনাটি ঘটে শনিবার (১০ জানুয়ারি) সকাল সাতটার দিকে আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া ব্র্যাক অফিস সংলগ্ন আড়াইহাজার–মদনপুর সড়কে।
পুলিশ জানায়, আটক দুজন হলেন সোহেল (২৮) ও সুমন (৫০)। সোহেল নরসিংদী জেলার পলাশ উপজেলার পাইক্কাপাড়া এলাকার আলী হোসেনের ছেলে। সুমন একই জেলার মাধবদী থানার কান্দাপাড়া এলাকার আলীর ছেলে।
স্থানীয়দের দাবি, একটি পিকআপ ভ্যানে করে দুটি ষাঁড় গরু নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে জনসাধারণ তাদের আটক করে মারধর করেন। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে আহত দুজনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তারা আড়াইহাজার থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় ঢাকা মেট্রো-ন ২১-৮৮০১ নম্বরের একটি পিকআপ ভ্যান ও দুটি ষাঁড় গরু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল থানার হেফাজতে রাখা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আড়াইহাজারে গরু চোর সন্দেহে দুজনকে গণপিটুনি, পুলিশের হেফাজতে
ফেসবুকে ফলো করুন



